Menu

গীত 72

OCV

1 হে ঈশ্বর, তুমি রাজাকে ন্যায়পরায়ণতা আর রাজপুত্রকে ধার্মিকতা প্রদান করো। 2 তিনি ধার্মিকতায় তোমার ভক্তদের আর ন্যায়পরায়ণতায় তোমার পীড়িতদের বিচার করবেন। 3 পর্বতগুলি সবার জন্য সমৃদ্ধি নিয়ে আসুক, আর পাহাড়গুলি ধার্মিকতার ফল প্রদান করুক। 4 তিনি লোকেদের মাঝে পীড়িতদের বিচার করুন আর অভাবীদের ছেলেমেয়েদের রক্ষা করুন; তিনি অত্যাচারীকে চূর্ণ করুন। 5 যতদিন সূর্য থাকবে ততদিন আর যতদিন চন্দ্রের অস্তিত্ব রইবে, তিনি স্থায়ী হবেন, বংশপরম্পরায় হবেন। 6 কাটা ঘাসের প্রান্তরে তিনি বৃষ্টির মতো নেমে আসবেন, জলধারার মতো যা পৃথিবীকে সেচন করে। 7 তাঁর সময়ে ধার্মিক উন্নতি লাভ করবে আর চন্দ্রের শেষকাল পর্যন্ত সমৃদ্ধি উপচে পড়বে। 8 তিনি সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত আর নদী থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত শাসন করুন। 9 মরুভূমির গোষ্ঠীসকল তাঁর সামনে নত হবে এবং তাঁর শত্রুরা মাটির ধুলো চাটবে। 10 তর্শীশ আর সুদূর উপকূলবর্তী দেশের রাজারা তাঁর উদ্দেশে নৈবেদ্য নিয়ে আসুক। শিবা ও সবার রাজারা তাঁর জন্য উপহার নিয়ে আসুক। 11 রাজারা সবাই তাঁর সামনে নত হোক আর সমস্ত জাতি তাঁর সেবা করুক। 12 তিনি আর্তনাদকারী অভাবীদের আর অসহায় পীড়িতদের উদ্ধার করবেন। 13 তিনি দরিদ্র ও অভাবীদের প্রতি দয়া করবেন এবং অভাবীদের মৃত্যু থেকে রক্ষা করবেন। 14 তিনিই তাদের অত্যাচার ও হিংসা থেকে মুক্ত করবেন, কারণ তাঁর দৃষ্টিতে তাদের রক্ত মূল্যবান। 15 রাজা দীর্ঘজীবী হোন! শিবা দেশের সোনা তাঁকে দেওয়া হোক। লোকেরা তাঁর জন্য চিরকাল প্রার্থনা করুক এবং তাঁকে সর্বদা আশীর্বাদ করুক। 16 দেশে শস্যের প্রাচুর্য হোক; পাহাড়ের উপরে সেসব দুলে উঠুক। লেবাননের গাছের মতো ফলের গাছ উন্নতি লাভ করুক আর মাঠের ঘাসের মতো সমৃদ্ধ হোক। 17 তাঁর নাম চিরস্থায়ী হোক; ততদিন হোক যতদিন সূর্য আলো দেবে। সমুদয় জাতি তাঁর মাধ্যমে আশীর্বাদ পাবে, এবং তারা তাঁকে ধন্য বলবে। 18 সদাপ্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা হোক, কেবলমাত্র তিনিই চমৎকার কার্যাবলি সাধন করেন। 19 চিরকাল তাঁর মহানামের প্রশংসা হোক; আর সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পূর্ণ হোক। আমেন, আমেন। 20 যিশয়ের ছেলে দাউদের প্রার্থনা শেষ হল।

Everything we make is available for free because of a generous community of supporters.

Donate